দিল্লিতে বিক্ষোভ, চেন্নাইয়ে মেট্রো উদ্বোধনে মোদি
ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভ চলার মধ্যেই চেন্নাই সফর করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার (১১ অক্টোবর) চেন্নাইয়ে পৌঁছে ১৩ হাজার কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও একাধিক প্রকল্পের উদ্বোধন করেন তিনি।
সকাল ১১টার দিকে বিমানবন্দরে পৌঁছালে মোদিকে স্বাগত জানান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। পরে বিমানবন্দর থেকে বেরিয়ে সংক্ষিপ্ত রোড শো করেন প্রধানমন্ত্রী। এই সময় সড়কের পাশে ব্যারিকেডের পেছনে অপেক্ষমাণ বিজেপি নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। সমর্থকেরা স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান। এই উপলক্ষে বিমানবন্দরের আশপাশে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে তামিলনাড়ু বিজেপি।
পরে চেন্নাই মেট্রোর দ্বিতীয় পর্যায়ের চতুর্থ করিডরের পুনামাল্লি-ভাদাপালানি অংশের উদ্বোধন করেন মোদি। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে নতুন মেট্রো পরিষেবার সূচনা করেন তিনি এবং একই ট্রেনে ভ্রমণ করেন।
উদ্বোধন হওয়া অংশটি প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ। এতে রয়েছে ১১টি উড়াল মেট্রো স্টেশন।
এর আগে শনিবার (১০ অক্টোবর) দিল্লিতে বিক্ষোভ চলাকালে রাজনীতিবিদ ও অভিনেতাসহ তিন হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। পরে রাতেই তাদের ছেড়ে দেওয়া হয়। যন্তর মন্তরে বিশৃঙ্খলা ঠেকাতে রাজধানীর বিভিন্ন এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। এতে বিক্ষোভকারীরা বিভিন্ন স্থানে ছোট ছোট দলে বিভক্ত হয়ে প্রতিবাদ জানান।
/শান্ত/
