দিল্লিতে বিক্ষোভ ঘিরে নজিরবিহীন নিরাপত্তা
ভারতের রাজধানী দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) যন্তর মন্তরে এই কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি। তবে দিল্লি পুলিশ বিক্ষোভের অনুমতি দেয়নি। আয়োজকেরা কর্মসূচি পালনে অনড় রয়েছেন।
বিক্ষোভ ঘিরে দিল্লিতে প্রায় ২৫ হাজার পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ এলাকায় বসানো হয়েছে ৩০০টির বেশি সিসিটিভি ক্যামেরা, যেগুলোতে শব্দ ধারণের সুবিধাও রয়েছে। যন্তর মন্তর, জনপথ, নির্বাচন কমিশনের কার্যালয় ও পুলিশ সদর দপ্তরসহ গুরুত্বপূর্ণ স্থাপনার আশপাশে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে।
এসব এলাকার প্রায় দেড় কিলোমিটার এলাকাকে সংবেদনশীল হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেখানে দায়িত্ব পালন করবেন ৬ হাজার ৫০০ জনের বেশি নিরাপত্তাকর্মী। বিক্ষোভস্থলে যাওয়ার সড়কে বসানো হয়েছে অন্তত সাত স্তরের ব্যারিকেড। পরিস্থিতি নথিবদ্ধ করতে পুলিশ কর্মকর্তাদের শরীরে ক্যামেরা দেওয়া হয়েছে। পাশাপাশি ভিডিও ধারণে নিয়োগ করা হয়েছে শতাধিক আলোকচিত্রী ও ভিডিওগ্রাফার।
নিরাপত্তার কারণে ৯ অক্টোবর রাত ৯টা থেকে ১০ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪৫টি মেট্রো স্টেশনের প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ রাখার কথা জানানো হয়েছে। এ ছাড়া ১০ অক্টোবর সকাল ৪টা থেকে দুপুর ২টা পর্যন্ত ২৫৪টি ট্রেন বাতিল করা হয়েছে। এর মধ্যে ৭৫টি মেইল ও এক্সপ্রেস এবং ১৭৯টি লোকাল ট্রেন রয়েছে।
বিক্ষোভস্থলের আশপাশে মোবাইল ইন্টারনেট সেবায়ও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এর আগে ২০ জুলাইয়ের বিক্ষোভে পুলিশের বিরুদ্ধে অসদাচরণ ও অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ উঠেছিলো।
/শান্ত/
