নতুন গানে পান্থ কানাই ও অনিমেষ রায়
জনপ্রিয় সংগীতশিল্পী পান্থ কানাই ও অনিমেষ রায়কে নিয়ে নতুন গান প্রকাশ করতে যাচ্ছেন সুরকার ও সংগীত পরিচালক মিঠুন চক্র। ‘শিবশম্ভু’ শিরোনামের গানটিতে এই দুই শিল্পীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন মিঠুন নিজেও। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন তিনি।
এর আগে ‘নাসেক নাসেক’ গান দিয়ে শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিলেন পান্থ কানাই ও অনিমেষ রায়। পরবর্তী সময়ে একসঙ্গে তাদের পরিবেশনাও প্রশংসিত হয়। এবার মিঠুন চক্রের সংগীতায়োজনে নতুন গান নিয়ে ফিরছেন এই দুই শিল্পী।
গানটি নিয়ে মিঠুন চক্র বলেন, ‘শিবশম্ভু’ তার খুব কাছের একটি সৃষ্টি। শিব শব্দের দার্শনিক অর্থ ‘যাহা কিছু নহে’ এবং শম্ভু অর্থ নিজে থেকে যার উৎপত্তি। ঈশ্বরকে উৎসর্গ করে তৈরি গানটি শ্রী বেদব্যাসের রচিত একটি স্তোত্র থেকে অনুপ্রাণিত। তার ভাষায়, এটি শুধু গান নয়, একটি উপলব্ধি।
পান্থ কানাই ও অনিমেষ রায়ের গায়কির প্রশংসা করে মিঠুন বলেন, দুই শিল্পীই গানটি খুব ভালো গেয়েছেন। গানটির ভিডিওও সুন্দর হয়েছে বলে আশা প্রকাশ করেন তিনি।
‘শিবশম্ভু’র মিউজিক ভিডিও পরিচালনা করেছেন এইচ এম সোহেল। ভিডিওতে দেখা যাবে পান্থ কানাই, অনিমেষ রায় ও মিঠুন চক্রকে। শিগগিরই মিঠুন চক্রের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হবে।
সুরকার, সংগীত পরিচালক ও গায়ক হিসেবে পরিচিত মিঠুন চক্র ২০১৬ সালে ‘স্বপ্ন যাবে বাড়ি ২’ গান দিয়ে শ্রোতাদের নজর কাড়েন। পরে ‘দেয়ালের দেশ’ সিনেমার ‘বিসর্জনের ব্যথা’ গানটির মাধ্যমেও প্রশংসা পান তিনি।
/শান্ত/
