বক্স অফিসে ঝড় তুলেছে রজনীকান্তের ‘জেলার ২’
ভারতের দক্ষিণী মেগাস্টার রজনীকান্তের বহুল প্রতীক্ষিত ছবি ‘জেলার ২’ মুক্তির পরপরই বক্স অফিসে ঝড় তুলেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রেক্ষাগৃহে এসেছে ছবিটি, যার প্রথম দিনের কালেকশনই বলে দিচ্ছে রুপালী পর্দার এই সেনসেশনকে নিয়ে দর্শকের উন্মাদনার কথা।
ট্রেড ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুসারে, মুক্তির প্রথম দিনে ভারতে ১৬ হাজার ৫৯৯টি শো থেকে ‘জেলার ২’ নেট আয় করেছে ৫৯ দশমিক ৭০ কোটি রুপি, যেখানে গ্রস কালেকশন দাঁড়িয়েছে ৭০ দশমিক ২৫ কোটি রুপিতে।
এর বিপরীতে রজনীকান্তের গত মুক্তিপ্রাপ্ত ছবি ‘কুলি’ ভারতের বক্স অফিসে প্রথম দিনে নেট ৬৫ কোটি রুপি আয় করে একটি বড় রেকর্ড গড়েছিলো, যা এখনও থালাইভার ক্যারিয়ারের সর্বোচ্চ ওপেনিং কালেকশন হিসেবে টিকে রয়েছে। আর সেই কারণেই ‘জেলার ২’ প্রথম দিনের আয়ে কিছুটা পিছিয়ে পড়লেও বিশ্বব্যাপী এর মোট গ্রস কালেকশন পৌঁছে গেছে ১২৫ দশমিক ২৫ কোটি রুপি, যার মধ্যে আন্তর্জাতিক বাজার বা ওভারসিজ থেকে এসেছে ৫৫ কোটি রুপি।
এই সিনেমার আয়ের সিংহভাগ এসেছে ছবিটির তামিল সংস্করণ থেকে, যা ৯ হাজার ৩২৬টি শো থেকে ৪৩ দশমিক ৩৫ কোটি রুপি ঘরে তুলেছে। এর পরেই রয়েছে তেলুগু সংস্করণ, যা ২ হাজার ৭৯২টি শো থেকে ১২ দশমিক ৫০ কোটি রুপি আয় করেছে। উত্তর ভারতের বাজারে পিভিআর-আইনক্সের সঙ্গে ওটিটি উইন্ডো সংক্রান্ত জটিলতার কারণে হিন্দি সংস্করণের মুক্তি কিছুটা হোঁচট খেয়েছে, তবুও ৪ হাজার ৩৭১টি শো থেকে এটি ৩ দশমিক ৫০ কোটি রুপি সংগ্রহ করতে সক্ষম হয়েছে। পাশাপাশি কন্নড় সংস্করণ থেকে যোগ হয়েছে শূন্য দশমিক ৩৫ কোটি রুপি।
সিনেমাটি নিয়ে সমালোচক ও সামাজিক মাধ্যমের চর্চাও বেশ ইতিবাচক, যেখানে দর্শকের বিনোদনের খোরাক জোগাতে সফল হয়েছে এই গ্যাংস্টার ড্রামা।
/এমএএইচ/
