শিল্পের চাহিদা ও বাস্তব সমস্যা সমাধানে গবেষণা কাজে লাগানোর তাগিদ ইউজিসি চেয়ারম্যানের
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে শিল্পপ্রতিষ্ঠানের চাহিদা এবং দেশের বাস্তব সমস্যা সমাধানে কাজে লাগানোর তাগিদ দিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব শুধু শিক্ষার্থী পড়ানো, ডিগ্রি দেওয়া কিংবা গবেষণাপত্র প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়। শিল্পপ্রতিষ্ঠান ও সমাজের সঙ্গে কার্যকর সম্পর্ক গড়ে তোলাও বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব।
মঙ্গলবার (২৭ অক্টোবর) মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) দিবস উপলক্ষে আয়োজিত ‘রিসার্চ এক্সেলেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’ শীর্ষক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মামুন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠান যৌথভাবে গবেষণা পরিচালনার মাধ্যমে সামাজিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত সমস্যার সমাধানে ভূমিকা রাখতে পারে। গবেষণার ফল যেন বাস্তব ক্ষেত্রে কাজে লাগে, সে জন্য শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা বাড়াতে হবে। স্থানীয় সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পৃক্ততা জোরদারের ওপরও গুরুত্ব দেন তিনি।
মাভাবিপ্রবির অগ্রগতির প্রশংসা করে ইউজিসি চেয়ারম্যান বলেন, ২০০৩ সালে দুটি বিভাগ নিয়ে যাত্রা শুরু করা বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে ছয়টি অনুষদ ও ১৭টি বিভাগ রয়েছে।
অনুষ্ঠানে ইউজিসি সদস্য ড. আব্দুল্লাহ-আল-মামুন জানান, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধি এবং কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে স্কিল ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কেন্দ্রে শিক্ষার্থীরা শিল্প খাতের চাহিদা অনুযায়ী বাস্তবমুখী দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।
অনুষ্ঠানে শিল্পপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে সংযোগ বাড়াতে ২৪টি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। গবেষণায় অবদানের স্বীকৃতি হিসেবে শিক্ষক ও গবেষকদের রিসার্চ এক্সেলেন্স অ্যাওয়ার্ড দেওয়া হয়। পাশাপাশি বিজ্ঞান মেলা, শিক্ষা মেলা ও চাকরির মেলার আয়োজন করা হয়।
/শান্ত/
