এইচএসসির ফল প্রকাশ হতে পারে ২৯ অক্টোবর
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশের প্রস্তাব করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সম্ভাব্য তারিখ হিসেবে ২৯ অক্টোবরকে বিবেচনা করা হচ্ছে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।
ঢাকা শিক্ষা বোর্ডের উচ্চপর্যায়ের একটি সূত্রের বরাতে জানা গেছে, সাধারণত বৃহস্পতিবার এইচএসসির ফল প্রকাশ করা হয়। সে হিসাবে আগামী ২৯ অক্টোবর বৃহস্পতিবার ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো জানা যায়নি।
এদিকে, ফল প্রকাশের তিন মাসের মধ্যে অন্তর্বর্তী পরীক্ষা নেওয়ার প্রস্তাব দিয়েছেন বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।
গত ২ জুলাই সারা দেশে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। ৮ আগস্ট পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডে পরীক্ষা শেষ করতে বাড়তি সময় লাগে। ব্যবহারিক পরীক্ষা ১৫ আগস্টের মধ্যে শেষ হয়।
এই বছর এইচএসসি, আলিম, এইচএসসি (বিএম-বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। সারা দেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন।
এসআই
