তেলের দাম কমতেই বাড়লো স্বর্ণের দাম
বিশ্ববাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। অপরিশোধিত তেলের দাম কমে আসা এবং মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ কিছুটা কমে যাওয়ায় স্বর্ণের বাজারে এই ঊর্ধ্বগতি দেখা গেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (২৬ অক্টোবর) আগের সেশনে ৩ মাসের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার পর স্বর্ণের দাম ঘুরে দাঁড়ায়।
বাংলাদেশ সময় সোমবার রাত ১২টার দিকে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০ দশমিক ৬ শতাংশ বেড়ে ৪ হাজার ২০ ডলার ৬০ সেন্টে পৌঁছায়। এর আগে শুক্রবার দাম কমে ৩ হাজার ৯৭৫ ডলারে নেমেছিল, যা গত ২০ জুলাইয়ের পর সর্বনিম্ন।
বাজার বিশ্লেষকদের মতে, তেলের দাম কমায় মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ কিছুটা প্রশমিত হয়েছে। এতে স্বর্ণের বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। পাশাপাশি কম দামে স্বর্ণ কেনার প্রবণতাও দাম বাড়াতে ভূমিকা রাখছে।
বুধবার ফেডের সুদের হারের সিদ্ধান্ত ঘোষণার কথা রয়েছে। এবার সুদের হার অপরিবর্তিত থাকার সম্ভাবনা বেশি বলে মনে করছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে ডিসেম্বরে সুদের হার বাড়তে পারে কি না, তা নিয়েও উদ্বেগ রয়েছে। সাধারণত সুদের হার বাড়লে স্বর্ণের মতো মুনাফাবিহীন সম্পদে বিনিয়োগের আকর্ষণ কমে যায়। তাই ফেডের সিদ্ধান্তের দিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা।
এদিকে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোগব্যয় মূল্যসূচকের তথ্য প্রকাশিত হওয়ার কথা। মূল্যস্ফীতি পরিমাপের গুরুত্বপূর্ণ এই সূচক থেকেও সুদের হারের ভবিষ্যৎ গতিপথ সম্পর্কে ধারণা পাওয়ার অপেক্ষায় রয়েছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা।
/শান্ত/
