নৌকা স্থগিত রেখে সংসদ নির্বাচনের ১২০ প্রতীক চূড়ান্ত
নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ এর সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত প্রজ্ঞাপনে নৌকা স্থগিত রেখে সংসদ নির্বাচনের ১২০টি প্রতীক সংরক্ষিত রাখা হয়েছে। কোন আসনে একক প্রার্থী থাকলে থাকবে ‘না’ প্রতীক।
বুধবার (১৬ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে বলা হয়, রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২ (প্রেসিডেন্টস্ অর্ডার নম্বর ১৫৫ অব ১৯৭২) এর আর্টিকেল ৯৪ এ প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ এর নিম্নরূপ অধিকতর সংশোধন করলো। উপরিউক্ত বিধিমালার বিধি-৯ এর উপ-বিধি (১) এর পরিবর্তে নিম্নরূপ উপ-বিধি (১) প্রতিস্থাপিত হবে। যথা- এই বিধির অন্যান্য বিধান সাপেক্ষে, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অনুচ্ছেদ ২০ এর দফা (১) এর অধীন, স্থগিতকৃত প্রতীক ব্যতীত, নির্ধারিত প্রতীকগুলো থেকে প্রাপ্যতা সাপেক্ষে, যেকোনো একটি প্রতীক বরাদ্দ করা যাবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, তফসিল-১ এর ফরম-১ এর তৃতীয় অংশের (মনোনীত প্রার্থী কর্তৃক ঘোষণা) ৪ নম্বর অনুচ্ছেদে ‘নির্বাচনি ব্যয় নির্বাহের জন্য ব্যাংক অ্যাকাউন্ট নম্বর’ শব্দগুলোর পর ‘এবং প্রার্থী অথবা প্রার্থীর নিয়োজিত নির্বাচনি এজেন্টের অ্যাকাউন্ট নম্বর’ শব্দগুলো সন্নিবেশিত হবে। পাশাপাশি প্রার্থী কর্তৃক প্রদত্ত হলফনামার সংযুক্তি-১ এর ক্রমিক নম্বর ৩(খ) এর বিশেষ দ্রষ্টব্য অংশের ‘সংযুক্ত করিতে হইবে’ শব্দগুলোর পরিবর্তে ‘দাখিল ঐচ্ছিক মর্মে বিবেচিত হইবে’ শব্দগুলো প্রতিস্থাপিত হবে।
সংযুক্তি-১ এর ক্রমিক নম্বর ৩(গ) এ নতুন বিশেষ দ্রষ্টব্য সন্নিবেশিত হবে, যথা- বিশেষ দ্রষ্টব্য: অভিযুক্ত বলিতে ওই আসামিকে বুঝাইবে যাহার বিরুদ্ধে আদালত কর্তৃক অভিযোগ (চার্জ) গঠিত হয়। ক্রমিক নম্বর ১০ এ নতুন বিশেষ দ্রষ্টব্য সন্নিবেশিত হবে, যথা- বিশেষ দ্রষ্টব্য: উপরিউক্ত ছকের ক্রমিক ২, ৩ ও ৪ এ উল্লিখিত যথাক্রমে, স্বামী/স্ত্রী, সন্তান ও নির্ভরশীলদের আয়কর সংক্রান্ত তথ্য প্রদান ঐচ্ছিক মর্মে বিবেচিত হইবে।
// ইমরান//
