আগেই লিখে রাখুন মেসেজ, নির্দিষ্ট সময়ে পাঠাবে হোয়াটসঅ্যাপ
ছবি: সংগৃহীত
জন্মদিনের শুভেচ্ছা কিংবা অফিসের গুরুত্বপূর্ণ বার্তা নির্দিষ্ট সময়ে পাঠাতে আর অপেক্ষা করে থাকতে হবে না। হোয়াটসঅ্যাপে আসছে মেসেজ শিডিউল করার সুবিধা। এতে আগে থেকেই বার্তা লিখে তারিখ ও সময় নির্ধারণ করে রাখা যাবে। নির্ধারিত সময়ে স্বয়ংক্রিয়ভাবে প্রাপকের কাছে পৌঁছে যাবে সেটি।
‘শিডিউল মেসেজেস’ নামের এই ফিচারটি বর্তমানে নির্বাচিত কয়েকজন অ্যান্ড্রয়েড বিটা ব্যবহারকারীর জন্য পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ওয়েবিটাইনফো এই তথ্য জানিয়েছে।
যেভাবে কাজ করবে
ফিচারটি চালু হলে প্রথমে নির্দিষ্ট ব্যক্তি বা গ্রুপের চ্যাট খুলে বার্তা লিখতে হবে। এরপর মেসেজ পাঠানোর বাটন কিছুক্ষণ চেপে ধরলে শিডিউল করার অপশন আসতে পারে। সেখান থেকে পছন্দের তারিখ ও সময় নির্বাচন করে বার্তাটি নির্ধারিত সময়ে পাঠানোর জন্য রেখে দেওয়া যাবে।
শুধু টেক্সট নয়, ছবি, ভিডিও ও লিংকও আগাম শিডিউল করা যাবে বলে জানা গেছে। ছবি পাঠানোর আগে সম্পাদনা ও ক্যাপশন যুক্ত করার সুবিধাও থাকতে পারে।
ওয়েবিটাইনফোর প্রতিবেদন অনুযায়ী, অ্যান্ড্রয়েডের বিটা সংস্করণ ২.২৬.৪০.৭-এই ফিচারটি দেখা গেছে। পরীক্ষাধীন ব্যবস্থায় ১০ মিনিট থেকে সর্বোচ্চ দুই সপ্তাহ পর্যন্ত আগাম বার্তা পাঠানোর সময় নির্ধারণের সুযোগ রয়েছে। নির্ধারিত সময়ের আগে মেসেজ সম্পাদনা বা মুছে ফেলার সুবিধাও থাকতে পারে।
কবে সবার জন্য চালু হবে?
ফিচারটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। সাধারণ ব্যবহারকারীরা কবে থেকে এটি পাবেন, সে বিষয়ে মেটা আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। পরীক্ষা শেষে প্রয়োজনীয় পরিবর্তন করে ধাপে ধাপে সবার জন্য সুবিধাটি চালু করা হতে পারে।
/শান্ত/
