হঠাৎ ঢাকা ও চট্টগ্রামের একাংশ বিদ্যুৎহীন
ছবি: সংগৃহীত
ঢাকার পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টা ৪৩ মিনিটে আকস্মিকভাবে এই বিভ্রাট দেখা দেয়। তবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার কারণ এখনো জানা যায়নি।
বিদ্যুৎবিহীন এলাকাগুলোর মধ্যে রয়েছে ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিলসহ আশপাশের বিভিন্ন এলাকা।
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি) জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে জাতীয় গ্রিডের সিস্টেম পুনরুদ্ধারের কাজ চলছে। প্রকৌশলীরা ধাপে ধাপে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের চেষ্টা করছেন।
জাতীয় গ্রিডের সিস্টেম ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
পিজিসিবি আরও জানায়, দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল ও স্বাভাবিক রয়েছে।
/শান্ত/
