আধুনিক প্রশিক্ষণে প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানের
একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার জন্য ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স (ইএমই) কোরের সদস্যদের নির্দেশ দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
রোববার ও সোমবার (২৭ ও ২৮ সেপ্টেম্বর) নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসের ইএমই সেন্টার অ্যান্ড স্কুলে ইএমই কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ ও ষষ্ঠ কোর পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাপ্রধান।
অনুষ্ঠানে ইএমই কোরের ইউনিটগুলোর অধিনায়ক ও কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেন জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ইএমই কোরের বীর সেনানী ও সব বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
সেনাপ্রধান ইএমই কোরের ঐতিহ্য এবং যুদ্ধ ও শান্তিকালে সেনাবাহিনীর অস্ত্র, যানবাহন ও বিভিন্ন সরঞ্জামের মেরামত ও রক্ষণাবেক্ষণে কোরটির গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি কোরের কার্যক্রম, উন্নয়ন ও পেশাগত দক্ষতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
পুনর্মিলনী উপলক্ষে ইএমই সেন্টার অ্যান্ড স্কুলের প্যারেড গ্রাউন্ডে আয়োজিত কুচকাওয়াজও উপভোগ করেন সেনাপ্রধান। পরে বর্তমান ও প্রাক্তন সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন তিনি। কোরের সদস্যদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও পেশাগত মমত্ববোধ বাড়াতে পুনর্মিলনীর গুরুত্ব তুলে ধরে দেশ ও জাতির সেবায় নিবেদিত থাকার আহ্বান জানান।
সোমবার বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
/শান্ত/
