আকাশসীমা জটিলতায় আসেনি রূপপুরের জ্বালানি ইউরেনিয়াম
আকাশসীমা ব্যবহারের অনুমতি বা এয়ারস্পেস ক্লিয়ারেন্স-সংক্রান্ত জটিলতায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম জ্বালানির প্রথম চালান বাংলাদেশে আসতে পারেনি। নির্ধারিত ফ্লাইটটি আটকে যাওয়ায় আগামী মাসে ভিন্ন রুটে চালান পাঠানোর প্রস্তুতি নিচ্ছে রাশিয়া।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং প্রকল্প-সংশ্লিষ্ট সূত্র জানায়, বিশেষ কার্গো উড়োজাহাজে পারমাণবিক জ্বালানি পরিবহন করা হয়। উড়োজাহাজটি যেসব দেশের আকাশসীমা ব্যবহার করে, সেসব দেশের আগাম অনুমতি প্রয়োজন। ২৪ সেপ্টেম্বর নির্ধারিত চালানের ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমতি না পাওয়ায় ফ্লাইটটি বাংলাদেশে আসতে পারেনি।
দ্বিতীয় ইউনিটের জ্বালানি প্রথমে গত জুনে আসার কথা ছিলো। পরে দুই দফা সময় পিছিয়ে ২৪ সেপ্টেম্বর চালান পাঠানোর দিন নির্ধারণ করা হয়। রাশিয়ায় নির্ধারিত উড়োজাহাজে জ্বালানি তোলার পর বাংলাদেশেও তা গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছিলো। তবে শেষ মুহূর্তে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা রোসাটম চালান পাঠাতে বিলম্বের কথা জানায়।
কোন দেশের আকাশসীমার অনুমতি না পাওয়ায় ফ্লাইটটি আটকে গেছে, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে এই ঘটনায় প্রকল্পের নির্মাণ ও কমিশনিং কাজে তাৎক্ষণিক কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
/শান্ত/
