শাহবাগে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের অবস্থান
নিয়োগপত্রের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়া প্রার্থীরা।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার পর মিছিল নিয়ে শাহবাগ থানার সামনের সড়কে অবস্থান নেন তারা। ‘সারা বাংলাদেশের নিয়োগপত্র বঞ্চিত শিক্ষকবৃন্দ’ ব্যানারে এই কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন তারা।
শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সংবাদ সম্মেলন থেকে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। প্রার্থীদের দাবি, সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জনের মধ্যে ভেরিফিকেশনের পর প্রায় ২ হাজার প্রার্থীর নিয়োগপত্র ইস্যু হয়নি।
নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের পক্ষ থেকে দ্রুত নিয়োগপত্র দেওয়ার পাশাপাশি ভেরিফিকেশনে বাদ পড়াদের নথি পুনরায় যাচাই ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার দাবি জানানো হয়েছে।
এদিকে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী জানিয়েছেন, ১ অক্টোবর পর্যন্ত যারা নিয়োগপত্র পাবেন না, তাদের বিষয়টি যাচাই করে পর্যায়ক্রমে নিয়োগপত্র দেওয়া হবে।
/শান্ত/
