রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার পর শাহ আলী থানার ওসি প্রত্যাহার
রাজধানীর মিরপুরে রাড্ডা মেডিকেল সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনার দুদিন পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্বাক্ষর করা আদেশে তাকে ডিএমপি সদর দপ্তরের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়। আদেশে প্রত্যাহারের কারণ হিসেবে ‘প্রশাসনিক কারণ’ উল্লেখ করা হয়েছে।
এর আগে, শাহ আলী থানার আওতাধীন মিরপুর-১ এলাকায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। ২৬ সেপ্টেম্বর পর্যন্ত এ ঘটনায় গ্রেপ্তার ও লুট হওয়া মালামাল উদ্ধারের তথ্য গণমাধ্যমকে জানিয়েছিলেন ওসি জাহাঙ্গীর আলম।
তবে ওসির প্রত্যাহারের সঙ্গে রাড্ডা মেডিকেল সেন্টারে হামলার কোনো সম্পর্ক রয়েছে কি না, ডিএমপির আদেশে সে বিষয়ে কিছু বলা হয়নি।
/শান্ত/
