আগামী সপ্তাহে পুলিশের নতুন সাইবার ইউনিট: স্বরাষ্ট্রমন্ত্রী
আগামী সপ্তাহে পুলিশের জন্য আলাদা ‘সাইবার সিকিউরিটি ইউনিট’ গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীতে পুলিশ পদক বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন ইউনিটটি একজন অতিরিক্ত আইজিপির নেতৃত্বে পরিচালিত হবে। পুলিশ সদর দপ্তরে এই পদ না থাকলে নতুন পদ সৃষ্টি করা হবে। মেট্রো, বিভাগ ও জেলা পর্যায়েও এই ইউনিটের শাখা থাকবে। থানা ও জেলা পর্যায়ে সাইবার নিরাপত্তার আধুনিক সরঞ্জাম এবং কেন্দ্র ও বিভাগীয় পর্যায়ে বড় আকারের ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে।
তিনি বলেন, জটিল সাইবার অপরাধের তদন্ত ও বিশ্লেষণ কেন্দ্রীয় পর্যায়ে করা হবে। যেসব অপরাধের বিশ্লেষণ থানা, জেলা বা বিভাগীয় পর্যায়ে সম্ভব, সেগুলো সেখানেই করা হবে। সাইবার স্পেসকে কেন্দ্র করে অপরাধ ও স্ক্যাম বাড়ছে। বিশ্বের কিছু দেশে মোট অপরাধের ৪৪ শতাংশ পর্যন্ত সাইবার বা স্ক্যামভিত্তিক হয়ে উঠেছে।
/শান্ত/
