কানাডায় ২০৯ বাংলাদেশিকে ঘিরে ভিসা জালিয়াতির অভিযোগ
ছবি: সংগৃহীত
কানাডায় ২০৯ বাংলাদেশিকে ঘিরে অভিবাসন জালিয়াতির অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দেশটির সীমান্ত নিরাপত্তা সংস্থা। অভিযুক্তদের বিরুদ্ধে ২৪৩টি অস্থায়ী ভিসার আবেদনে মিথ্যা তথ্য ও জাল নথি ব্যবহারের অভিযোগ উঠেছে। এসব আবেদন করা হয়েছিলো কুইবেক ও অন্টারিও প্রদেশে।
কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি বা সিবিএসএ গত ২২ অক্টোবর এ তথ্য জানায়। সংস্থাটির অভিযোগ, ভিসাপ্রার্থীদের আবেদনে কানাডার নাগরিকদের আমন্ত্রণকারী বা আতিথ্যদাতা হিসেবে ভুলভাবে উপস্থাপন করে জালিয়াতি করা হয়েছিলো।
অভিযুক্ত পাঁচজনের মধ্যে চারজন ২২ অক্টোবর কুইবেকের ভ্যালিফিল্ড আদালতে হাজির হন। তারা হলেন রাশেল মির্জা, মোহাম্মদ আমিনুল ইসলাম, মো. মুদাসসার আলম ভূঁইয়া ও কাজী নাফিজ আলম। পঞ্চম অভিযুক্ত মো. রাকিবুল হাসান বাংলাদেশে রয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
সিবিএসএর তথ্য অনুযায়ী, ২৪৩টি আবেদনের মধ্যে তদন্তকারীরা গুরুত্বপূর্ণ প্রমাণ রয়েছে বলে মনে করা ৭৯টি আবেদনকে কেন্দ্র করে আনুষ্ঠানিক অভিযোগের প্রমাণ সংগ্রহ করেছেন।
২০২৪ সালের জুলাইয়ে কুইবেকের মারসিয়ে শহরে একটি বাসায় নিয়মিত যাচাই চালানোর সময় বিষয়টি তদন্তকারীদের নজরে আসে। পরে একই বছরের আগস্টে ফৌজদারি তদন্ত শুরু হয়। ২০২৫ সালের জুনে কুইবেক ও অন্টারিওতে চারটি স্থানে তল্লাশি চালিয়ে নথি ও কম্পিউটার সরঞ্জাম সংগ্রহ করেন তদন্তকারীরা।
অভিযুক্তদের বিরুদ্ধে অবৈধভাবে কানাডায় প্রবেশে সহায়তার ষড়যন্ত্র, অভিবাসন আবেদনে মিথ্যা তথ্য দিতে উৎসাহিত করা এবং অভিবাসন আইন লঙ্ঘনে সহায়তার অভিযোগ আনা হয়েছে। তবে আদালতে এসব অভিযোগ এখনো প্রমাণিত হয়নি।
/শান্ত/
