ফেসবুকে শেয়ার করার আগে যে ৫ বিষয়ে সতর্ক থাকবেন
ছবি: সংগৃহীত
ফেসবুকে স্ক্রল করতে গিয়ে চোখে পড়লো রাজনৈতিক নেতার বিতর্কিত বক্তব্য, ভয়াবহ দুর্ঘটনার ভিডিও কিংবা কারও বিরুদ্ধে গুরুতর অভিযোগ। কখনো দেখা গেলো এআই দিয়ে তৈরি অশ্লীল ভিডিও বা ব্যক্তিগত মুহূর্তের দৃশ্য। যাচাই না করেই হয়তো নিজের টাইমলাইনে শেয়ার করে দিলেন। কিন্তু এমন একটি শেয়ারই আপনাকে সামাজিক ও আইনি জটিলতায় ফেলতে পারে। এমনকি ফেসবুক অ্যাকাউন্টেও আসতে পারে বিধিনিষেধ।
সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো কিছু শেয়ার করা সহজ হলেও এর প্রভাব অনেক সময় গুরুতর হয়। তাই যেকোনো পোস্ট শেয়ারের আগে কয়েকটি বিষয়ে সতর্ক থাকা জরুরি।
রাজনৈতিক বক্তব্য শেয়ারে সতর্কতা
রাজনৈতিক নেতার বক্তব্যের ছোট ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়তে পারে। কিন্তু ভিডিওটি সম্পাদিত কি না, বক্তব্যের আগে-পরে কী বলা হয়েছে কিংবা সেটি পুরোনো কোনো ঘটনার কি না, তা যাচাই করা প্রয়োজন। যাচাই ছাড়া শেয়ার করলে অনিচ্ছায় বিভ্রান্তিকর তথ্য বা অপপ্রচার ছড়ানোর অংশ হয়ে যেতে পারেন।
দুর্ঘটনা ও সহিংসতার ভিডিও
দুর্ঘটনা বা সংঘর্ষের ভিডিও শেয়ারের আগে সেটির সময় ও স্থান যাচাই করুন। পুরোনো ভিডিওকে সাম্প্রতিক ঘটনা হিসেবে ছড়িয়ে দিলে বিভ্রান্তি তৈরি হতে পারে। আহত ব্যক্তি, মরদেহ বা ভুক্তভোগীর পরিচয় প্রকাশ করে এমন দৃশ্য ছড়িয়ে দিলে তাদের পরিবার ও স্বজনদের মানসিক কষ্টও বাড়তে পারে।
অভিযোগ মানেই অপরাধ প্রমাণ নয়
ফেসবুকে কাউকে চোর, প্রতারক কিংবা অপরাধী বলে অভিযোগ করা হলেই তা সত্য হয়ে যায় না। প্রমাণ ছাড়া এমন পোস্ট ছড়িয়ে দিলে সংশ্লিষ্ট ব্যক্তির সম্মানহানি হতে পারে। বক্তব্যের ধরন ও পরিস্থিতি অনুযায়ী মানহানিসহ অন্যান্য আইনি জটিলতার ঝুঁকিও তৈরি হতে পারে।
এআই দিয়ে তৈরি অশ্লীল ভিডিও
এআইয়ের সাহায্যে কারও মুখ ব্যবহার করে ভুয়া অশ্লীল ছবি বা ভিডিও তৈরি করা সম্ভব। আবার বাস্তব ব্যক্তিগত ভিডিওও অনুমতি ছাড়া ছড়িয়ে দেওয়া হতে পারে। এমন কনটেন্ট দেখলে কৌতূহলবশত শেয়ার করবেন না। এতে ভুক্তভোগীর ক্ষতি আরও বাড়তে পারে। প্রয়োজনে পোস্টটি রিপোর্ট করুন।
ফেসবুক অ্যাকাউন্টে বিধিনিষেধ
ফেসবুকের নীতিমালা লঙ্ঘনকারী কনটেন্ট শেয়ার করলে পোস্ট সরিয়ে দেওয়া, কিছু সুবিধা সীমিত করা কিংবা গুরুতর বা বারবার লঙ্ঘনের ক্ষেত্রে অ্যাকাউন্ট বন্ধ করার মতো ব্যবস্থা নেওয়া হতে পারে। তবে অন্যের পোস্ট শেয়ার করলেই প্রতিবার শাস্তি হবে, এমন নয়। কনটেন্টের ধরন ও প্রেক্ষাপট এখানে গুরুত্বপূর্ণ।
শেয়ারের আগে যা করবেন
কোনো পোস্ট শেয়ারের আগে নির্ভরযোগ্য সংবাদমাধ্যম বা মূল সূত্রে তথ্যটি প্রকাশিত হয়েছে কি না দেখুন। ছবি ও ভিডিওর সময়, স্থান এবং সত্যতা যাচাই করুন। কারও ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর দৃশ্য ছড়িয়ে দেওয়া থেকে বিরত থাকুন। সন্দেহজনক পোস্ট শেয়ার না করে প্রয়োজনে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে রিপোর্ট করুন।
মনে রাখবেন, ফেসবুকে শেয়ার করার অর্থ শুধু একটি পোস্ট ছড়িয়ে দেওয়া নয়, বরং তথ্যটির প্রচারেও ভূমিকা রাখা। তাই আবেগ, ক্ষোভ বা কৌতূহলের বশে নয়, যাচাই করে সিদ্ধান্ত নিন। একটি পোস্ট শেয়ার করতে কয়েক সেকেন্ড লাগলেও এর ক্ষতি সামলাতে দীর্ঘ সময় লেগে যেতে পারে।
/শান্ত/
