নুরের মিসাইলে মগবাজার আর বাংলামোটর তছনছ হয়ে গেছে: রাশেদ খাঁন
ছবি: সংগৃহীত
জামায়াত ও জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) তেজস্বী বক্তব্য দেওয়ার মতো কোনো নেতা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। প্রতিমন্ত্রী নুরুল হক নুরের বক্তব্যের প্রশংসা করে তিনি বলেছেন, আজকে প্রতিমন্ত্রী নুরুল হক নুরের মিসাইলে মগবাজার আর বাংলামোটর তছনছ হয়ে গেছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন রাশেদ খাঁন।
পোস্টে তিনি লেখেন, বিরোধী রাজনৈতিক চরিত্রের বক্তব্যে তেজস্বী ভাব থাকতে হয়। জামায়াত-শিবির ও এনসিপি মিলেও এমন কোনো নেতা নেই বলে মন্তব্য করেন তিনি।
রাশেদ খাঁন আরও লেখেন, জেল-জুলুম ও ধারাবাহিক সংগ্রামের মধ্য দিয়ে বলিষ্ঠ কণ্ঠ তৈরি হয়। তার ভাষ্য, গোপনে শিবির ও প্রকাশ্যে ছাত্রলীগের রাজনীতি করে এমন ‘বারুদ কণ্ঠ’ অর্জন করা যায় না।
নুরুল হক নুরের রাজনৈতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিরোধী রাজনীতিতে নুরের কণ্ঠে যে তেজ ছিলো, সরকারে যাওয়ার কারণে তা অনেকটা নমনীয় হয়ে গিয়েছিলো। তবে জামায়াত-এনসিপির বিরুদ্ধে আবারও সেই তেজস্বী নুরকে দেখা গেছে।
নুরুল হক নুরের দীর্ঘদিনের সহযোদ্ধা হিসেবে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে রাশেদ খাঁন লেখেন, নুরকে খেপানোর খেসারত জামায়াত-শিবির ও এনসিপিকে দিতে হবে।
পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘আমি ভিপি নুরের দীর্ঘদিনের সহযোদ্ধা হিসেবে জানি, ভিপি নুর কী জিনিস, ভিপি নুর মানেই একটা বারুদ।’
/শান্ত/
