বিয়েতে তিনবার ‘কবুল’ বলা কি বাধ্যতামূলক?
ছবি: সংগৃহীত
ইসলামী শরিয়তে বিয়ের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো ইজাব ও কবুল। তবে বিয়েতে পাত্রকে তিনবার ‘কবুল’ বলতে হয়, অন্যথায় বিয়ে শুদ্ধ হয় না, এমন ধারণা প্রচলিত রয়েছে অনেক এলাকায়। কিন্তু তিনবার কবুল বলা কি শরিয়তের বিধান, নাকি সামাজিক রীতি?
ঢাকা থেকে প্রকাশিত ইসলামী গবেষণা পত্রিকা মাসিক আল কাউসারের এক নিবন্ধে বলা হয়েছে, বিয়েতে তিনবার কবুল বলার বিষয়টি শরিয়তসম্মত কোনো বিধান নয়; বরং এটি একটি সামাজিক রীতি। এই ধরনের রীতি পরিহার করা উচিত বলে উল্লেখ করা হয়েছে।
নিবন্ধে বলা হয়, শরিয়তের দৃষ্টিতে বিয়ের প্রস্তাবের পর সাক্ষীদের শুনিয়ে একবার ‘কবুল’ বললেই বিবাহ সম্পন্ন হতে পারে। এই ক্ষেত্রে তিনবার কবুল বলা আবশ্যক নয়। এই বিষয়ে ফাতাওয়ায়ে শামি (৩/৯) ও ফাতাওয়ায়ে আলমগিরি (১/৩৭০) গ্রন্থের উদ্ধৃতি দেওয়া হয়েছে।
বিয়ে সম্পর্কে হাদিসে নবী করিম (সা.) বলেছেন, সামর্থ্যবান যুবকদের বিয়ে করা উচিত। কারণ, বিয়ে দৃষ্টিকে সংযত রাখতে এবং লজ্জাস্থানের হেফাজত করতে সহায়তা করে। আর যাদের বিয়ের সামর্থ্য নেই, তাদের রোজা রাখার পরামর্শ দিয়েছেন তিনি। (সহিহ বুখারি: ৫০৬৫; সহিহ মুসলিম: ১৪০০)
বিয়ের আগে পাত্র-পাত্রী সম্পর্কে খোঁজখবর নেওয়া এবং পছন্দের বিষয়গুলো জেনে নেওয়ার ওপরও ইসলামে গুরুত্ব দেওয়া হয়েছে। জাবির ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত হাদিসে বিয়ের প্রস্তাব দেওয়া ব্যক্তিকে সম্ভাব্য জীবনসঙ্গীর এমন কিছু বৈশিষ্ট্য দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, যা তাকে বিয়েতে আগ্রহী করে তুলতে পারে।
/শান্ত/
