গাজীপুরে গুদামের আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরের কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় সুপ্রিম গার্মেন্টস নামে একটি পোশাক কারখানার কার্টনের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের পরিদর্শক আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।
এর আগে, শনিবার (২৪ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে কারখানাটির গুদামে আগুনের সূত্রপাত হয়।
কাশিমপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে কাশিমপুর মিনি ফায়ার সার্ভিস স্টেশনের ২টি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকায় সারাবো ফায়ার সার্ভিস স্টেশনের আরও ৩টি ইউনিট সেখানে যোগ দেয়। সবশেষ আরও ৩টি ইউনিট যুক্ত হলে আগুন নিয়ন্ত্রণে কাজ করা ইউনিটের সংখ্যা দাঁড়ায় ৮টিতে।
আরিফুল ইসলাম আরও জানান, গোডাউনের ভেতরে প্রচুর পরিমাণে খালি কার্টন থাকায় আগুনের ভয়াবহতা বেড়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
/এমএএইচ/
