গাজীপুরে গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
গাজীপুরের কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় সুপ্রিম গার্মেন্টস নামে একটি পোশাক কারখানার কার্টনের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।
শনিবার (২৪ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে কারখানাটির গুদামে আগুনের সূত্রপাত হয়।
কাশিমপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে কাশিমপুর মিনি ফায়ার সার্ভিস স্টেশনের ২টি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকায় সারাবো ফায়ার সার্ভিস স্টেশনের আরও ৩টি ইউনিট সেখানে যোগ দেয়। সবশেষ আরও ৩টি ইউনিট যুক্ত হলে আগুন নিয়ন্ত্রণে কাজ করা ইউনিটের সংখ্যা দাঁড়ায় ৮টিতে। আরও একটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।
আরিফুল ইসলাম আরও জানান, গোডাউনের ভেতরে প্রচুর পরিমাণে খালি কার্টন থাকায় আগুনের ভয়াবহতা বেড়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
/এমএএইচ/
