বোতাম নষ্ট না করে কাপড় ইস্ত্রি করার সহজ কৌশল
অনেকে কাপড় ধোয়ার পর ইস্ত্রি করে পরতে পছন্দ করেন। তবে শার্টের কলার কিংবা বোতামের আশপাশের ভাঁজ দূর করতে গিয়ে প্রায়ই সমস্যায় পড়তে হয়। ইস্ত্রির নিচের পাতায় থাকা একটি ছোট্ট খাঁজের ব্যবহার জানা থাকলে এই কাজ সহজ হতে পারে।
গুড হাউসকিপিং ইনস্টিটিউটের গৃহস্থালি পরিচর্যা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ক বিশেষজ্ঞদের মতে, ইস্ত্রির নিচের পাতার কিনারায় থাকা খাঁজটি বোতামের চারপাশে সহজে ইস্ত্রি করতে সাহায্য করে।
প্রতিবেদন অনুযায়ী, গুড হাউসকিপিং ইনস্টিটিউটের পর্যালোচনা বিশ্লেষক নোয়া পিনসোনো জানান, এই খাঁজের সাহায্যে বোতামের ওপর সরাসরি চাপ না দিয়েই তার চারপাশের কাপড় ইস্ত্রি করা যায়। ফলে গরম পাতের সঙ্গে বোতামের সরাসরি সংস্পর্শ এড়িয়ে আশপাশের ভাঁজ দূর করা সহজ হয়।
বিশেষ করে শার্টের বোতামের পাশের কাপড় কুঁচকে থাকলে এই কৌশল কাজে লাগতে পারে। এতে বোতামের ক্ষতির ঝুঁকি কমিয়ে কাপড়ের ভাঁজ দূর করা সম্ভব।
অনেকে দীর্ঘদিন ধরে কাপড় ইস্ত্রি করলেও ইস্ত্রির এই নকশার ব্যবহার সম্পর্কে জানেন না। অথচ ছোট্ট এই বিষয়টি খেয়াল রাখলে দৈনন্দিন কাজটি আরও সহজ হতে পারে।
/শান্ত/
