হাফিজুল হত্যা মামলা, রিমান্ড শেষে কারাগারে দীপু মনি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বাড্ডায় রিকশাচালক হাফিজুল শিকদার হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিকে ২ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
শুক্রবার (২৩ অক্টোবর) ২ দিনের রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করা হয়। এই সময় মামলার তদন্ত কর্মকর্তা অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশের ঢাকা মেট্রো উত্তরের পরিদর্শক রিদুয়ানুল হক তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলা সূত্রে জানা গেছে, এর আগে তদন্ত কর্মকর্তা দীপু মনিকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের পাশাপাশি জামিনের আবেদন করেন।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে ২ দিনের রিমান্ড মঞ্জুর করে। ২ দিনের জিজ্ঞাসাবাদে দীপু মনি এই ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বাড্ডার প্রগতি সরণি এলাকায় যাত্রীর অপেক্ষায় ছিলেন অটোরিকশাচালক হাফিজুল শিকদার (২৮)। এই সময় আন্দোলন দমনে আসামিদের ছোড়া গুলি তাঁর বাম পাঁজর দিয়ে ঢুকে ডান বগল দিয়ে বেরিয়ে যায়।
এই ঘটনায় ২০২৪ সালের ২১ আগস্ট হাফিজুলের বাবা মো. আবুবকর শিকদার বাদী হয়ে বাড্ডা থানায় হত্যা মামলা করেন। মামলায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়।
/এমএএইচ/
