সৌদি আরবের ২ শহরে জরুরি সতর্কতা
সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর আভা ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নাজরানে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কারণে জরুরি সতর্কতা জারি করেছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৭ অক্টোবর) কর্তৃপক্ষ জাতীয় জরুরি আগাম সতর্কীকরণ ব্যবস্থার মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের সতর্কবার্তা দেয়।
সম্ভাব্য বিপদের আশঙ্কায় শহর দু’টিতে সাইরেন বাজানো হয়। পাশাপাশি নাগরিকদের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকদেরও নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
আনাদোলু এজেন্সি’র প্রতিবেদন অনুযায়ী, নাজরানে সতর্কতা জারির প্রায় ৮ মিনিট পর তা প্রত্যাহার করা হয়। এর কিছুক্ষণ পর আভা শহর থেকেও সতর্কতা তুলে নেওয়া হয়। প্রাথমিক সতর্কবার্তায় কী ধরনের হুমকি তৈরি হয়েছিলো, সে-ই বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনাও ঘটেছে কি না, তাও স্পষ্ট নয়।
ইয়েমেনের হুতি গোষ্ঠী ও সৌদি আরবের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে দেশটির বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে একাধিকবার নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। ইয়েমেনের হুতি গোষ্ঠী সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে।
অন্যদিকে, সৌদি নেতৃত্বাধীন জোটও হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছে।
/এমএএইচ/
