পাকিস্তানের ঘটনা
এতিম কিশোরকে গাড়িচাপায় হত্যা, পুলিশের গুলিতে প্রাণ গেল অভিযুক্তের
পাকিস্তানের মুলতানে এক কিশোরকে (১৪) গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় তৌকির নামে এক ব্যক্তি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) ভোরে ভাওয়ালপুরে পাঞ্জাব পুলিশের বিশেষায়িত ইউনিট সিসিডির গুলিতে প্রাণ যায় তার।
ওয়াসিম আব্বাস নামে ওই কিশোরটি তৌকিরের বাড়িতে কাজ করত। কিছু না বলে পালিয়ে যাওয়ার সময় তৌকির তাকে গাড়ি নিয়ে ধাওয়া দেন। একপর্যায়ে কিশোরটিকে থামাতে গিয়ে তিনি তাঁর গাড়ি দিয়ে তাকে প্রচন্ড জোরে চাপা দেন। এরপর কিশোরটি ঘটনাস্থলেই মারা যায়।
এই ঘটনার সিসিটিভির ফুটেজ ভাইরাল হওয়ার পর ক্ষুব্ধ হয়ে ওঠেন দেশটির মানুষ। এরপর গত সোমবার তাঁকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গতকাল মুলতানের একটি আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশের দাবি, তৌকিরকে পুলিশের অধীনে নিয়ে যাওয়ার সময় তার দুই সহযোগী মোটরসাইকেলে করে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। এই সময় পুলিশ পাল্টা গুলি ছুড়লে তাঁরা পালিয়ে যান। এরপর তৌকিরকে মৃত অবস্থায় পাওয়া যায়।
আইনশৃঙ্খলাবাহিনী সাধারণত বন্দুকযুদ্ধের যে ধরনের নাটক সাজায়; তৌকিরের ক্ষেত্রে ঠিক একই কাজ করা হয়েছে জানিয়ে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে হিউম্যান রাইটস কমিশন পাকিস্তান।
সিসিটিভির ফুটেজে দেখা গেছে, এতিম কিশোরটি দৌড়ে পালাচ্ছে। এই সময় তৌকির ও আরেকজন মিলে তাকে গাড়ি দিয়ে চাপা দেন। যদিও ঘটনার পরপরই একজনের কাছে দেওয়া ভিডিও বক্তব্যে তৌকির বলেছিলেন, তিনি শিশুটিকে ইচ্ছাকৃতভাবে চাপা দেননি।
সূত্র: দ্য ডন
/এমএএইচ/
