প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডারদের জন্য বড় দুঃসংবাদ
প্রতীকী ছবি।
ব্যাংকের প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডারদের জন্য বড় দুঃসংবাদ দিলো বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কোনো কোম্পানি নিজস্ব সম্পদের বেশি ব্যাংকের শেয়ার কিনতে পারবে না।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এই সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। যা দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এর ফলে বেনামি বা শেল কোম্পানির মাধ্যমে শেয়ার কিনে ব্যাংকের মালিকানায় আসা কঠিন হবে।
একই প্রজ্ঞাপনে শুধু শেয়ারধারী কোম্পানির ‘ব্যবস্থাপনা পরিচালক’ বা এমডিকেই সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালক পদে মনোনয়নের নির্দেশনাও দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক বলছে, ব্যাংকের মালিকানা কাঠামোয় স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত করতেই এই নির্দেশনা দেওয়া হয়েছে। এতে কমবে শেয়ারধারক কোম্পানির অসামঞ্জস্যপূর্ণ বিনিয়োগ প্রবণতা। নিশ্চিত হবে মনোনীত পরিচালকদের ভূমিকা। আমানতকারীদের স্বার্থ সংরক্ষণে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
//ইমরান//
