মিরপুর-১০-এ পোশাকশ্রমিকদের বিক্ষোভ, বন্ধ যান চলাচল
ছবি: সংগৃহীত
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর-১০ গোলচত্বরে সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টা থেকে শুরু হওয়া এই অবরোধে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের সড়কগুলোতে সৃষ্টি হয় তীব্র যানজট।
পুলিশ সূত্রের বরাতে গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, সকাল ১০টার দিকে কয়েকটি পোশাক কারখানার কয়েক শ শ্রমিক মিরপুর-১০ গোলচত্বরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা সড়ক অবরোধ করলে যান চলাচল ব্যাহত হয়।
মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার গণমাধ্যমকে বলেন, ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকেরা মিরপুর-১০ এলাকায় সড়কে নেমেছেন।
তিনি আরও জানান, শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ।
/শান্ত/
