টানা ৩ দিন বন্ধ থাকবে হজ পোর্টাল
রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে টানা প্রায় ৩ দিন বন্ধ থাকছে বাংলাদেশের হজ পোর্টাল। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১০টা থেকে পোর্টালটি বন্ধ রয়েছে। আগামী ২৫ অক্টোবর সকাল ৯টায় এটি চালু হওয়ার কথা রয়েছে।
হজ পোর্টালের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলমান থাকায় পোর্টালটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সময় সেবা নিতে গিয়ে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। প্রয়োজনে ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
হজ পোর্টাল বাংলাদেশের হজ ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ অনলাইন মাধ্যম। হজযাত্রীদের নিবন্ধন, হজসংক্রান্ত তথ্য এবং বিভিন্ন সেবা ব্যবস্থাপনায় এটি ব্যবহার করা হয়। ফলে রক্ষণাবেক্ষণ চলাকালে পোর্টালনির্ভর কিছু অনলাইন সেবা সাময়িকভাবে পাওয়া যাবে না।
/শান্ত/
