অ্যাডিশনাল ডিআইজি জহির ওএসডি
পুলিশ সদরদপ্তরের রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স শাখার অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি) আবদুল্লাহ আল জহিরকে ওএসডি করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে সংযুক্ত করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, পুলিশ সদরদপ্তরের রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স শাখায় কর্মরত অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি) আব্দুল্লাহ আল জহিরকে পুলিশ সদরদপ্তরের সদরদপ্তর শাখায় সংযুক্ত করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে গত সোমবার রাতে রাজধানীর ৩০০ ফিট এলাকায় অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের বাসায় অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দ (ডিবি) পুলিশ। অভিযানে আইস, সিসা, ইয়াবা, মদ, গাঁজা, কুশসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়েছে। এসময় ২৬ নারীসহ ৮৪ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, বাসাটিতে দীর্ঘদিন ধরে মাদক ও অবৈধ ডিজে পার্টি চলছিলো। এজন্য সেখানে অভিযান চালানো হয়েছে। বাসাটি ওই পুলিশ কর্মকর্তা ভাড়া দিয়েছেন। তিনি সেখানে থাকেন না।
ডিবি সূত্রে জানা যায়, ঢাকার ৩০০ ফিট এলাকায় পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি–১ এ পুলিশ সদরদপ্তরের রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স শাখার অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের একটা প্লট রয়েছে। সেখানে ৫টা কক্ষ নির্মাণ করে ‘এয়ারবিএনবি’ ওয়েবসাইটে দেওয়া হয়েছে। ওয়েবসাইট থেকে উঠতি বয়সী তরুণ-তরুণী এবং আগ্রহীরা ভাড়ার জন্য বুকিং নিয়ে সেখানে ডিজে পার্টি, মাদক সেবনসহ নানা অসামাজিক কাজ করতো। দীর্ঘদিন ধরে এসব কাজ করে আসার তথ্যের ভিত্তিতেই সেখানে অভিযান চালানো হয়। গত সোমবার রাতে অভিযান চালিয়ে সেখান থেকে আইস, সিসা, ইয়াবা, মদ, গাঁজা, কুশসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়েছে।
এছাড়া বেশ কিছু গাড়িও জব্দ করা হয়েছে। এসময় সেখান থেকে প্লটটির কক্ষগুলো পরিচালনার দায়িত্বে থাকা মাহবুব নামে এক ব্যক্তিসহ ৮৪ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ২৬ জন নারীও রয়েছেন।
বাড়িটিতে মাদকসহ আটকের বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির বলেন, গতকাল সোমবার একটি জন্মদিনের পার্টির জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের যেসব নিয়ম রয়েছে সেগুলো যারা ভাড়া নেন, তাঁদেরকে বলে দেওয়া হয় কি করা যাবে, কি করা যাবে না। নিয়ম ভঙ্গ করলে এক লাখ টাকা জরিমানাও রয়েছে।
তিনি বলেন, যাঁরা ভাড়া নিয়েছে, তাঁরা নিয়ম ভঙ্গ করেছে। এতে আমাদের কেউ সম্পৃক্ত নয়।
/এমএএইচ/
