তিন খাতে বিনিয়োগ করবে জাপানি কোম্পানি
বাংলাদেশে দ্বিতীয় একটি কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) স্থাপনে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান মারুবেনি করপোরেশন। একই সঙ্গে তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা ও জ্বালানি খাতেও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
রবিবার (১১ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মারুবেনি করপোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসায়ুকি ওমোটোর নেতৃত্বে একটি প্রতিনিধিদলের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে নতুন কর্মসংস্থান সৃষ্টিতে দেশি-বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে সরকার। বাংলাদেশের বিভিন্ন খাতে মারুবেনির বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, মারুবেনির সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের পাটজাত পণ্যের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। বিদ্যমান সম্পর্ক সম্প্রসারণের পাশাপাশি নতুন খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
বৈঠকে আগামী ১২ মাসের মধ্যে বাংলাদেশে একটি এআইভিত্তিক ডেটা সেন্টার চালুর পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। এ ছাড়া তথ্যপ্রযুক্তি ও সাইবার নিরাপত্তায় বাংলাদেশের প্রকৌশলীদের দক্ষতা বাড়ানো এবং দেশকে আন্তর্জাতিক সেবাকেন্দ্র হিসেবে গড়ে তোলার সম্ভাবনা উঠে আসে।
কৃষিতে আধুনিক প্রযুক্তি ও এআইয়ের ব্যবহার সম্প্রসারণ এবং সার উৎপাদনে বিনিয়োগ নিয়েও আলোচনা করেন দুই পক্ষের প্রতিনিধিরা। কাফকোতে মারুবেনির বিদ্যমান বিনিয়োগ সম্প্রসারণের বিষয়টিও আলোচনায় আসে।
বৈঠকে আশা প্রকাশ করা হয়, বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি কার্যকর হলে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার হবে।
/শান্ত/
