৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ অক্টোবর চার দিনের সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে ২৯ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।
এর আগে গত ১২ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও জাপানের সপ্তম পররাষ্ট্র দপ্তর পরামর্শ সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ জানানো হয়। জাপানের জ্যেষ্ঠ উপপররাষ্ট্রমন্ত্রী হিরোইউকি নামাজু জাপানি প্রধানমন্ত্রীর আমন্ত্রণটি বাংলাদেশের কাছে পৌঁছে দেন।
ওই বৈঠকে জাপানের পক্ষ থেকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকেও জাপান সফরের আমন্ত্রণ জানানো হয়। জবাবে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে ঢাকা সফরের আমন্ত্রণ জানায় বাংলাদেশ।
প্রধানমন্ত্রীর টোকিও সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা এবং অবকাঠামোসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে। জাপান বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার এবং দুই দেশ কৌশলগত অংশীদারত্ব আরও জোরদারে কাজ করছে।
/শান্ত/
