জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার আক্রমণ
সাইবার হামলার সতর্কতা হিসেবে আগেভাগে বন্ধ রাখার পরও রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ওয়েবসাইটে আক্রমণের আলামত পাওয়া গেছে। এই কারণে রবিবার (২৫ অক্টোবর) দুপুর দেড়টা পর্যন্ত পোর্টালটি সচল করা সম্ভব হয়নি। একই কারণে বন্ধ রাখা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ফের চালু করা হয়েছে।
রবিবার দুপুরে জনতা ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করতে গেলে তা অচল দেখা যায়। পেজে একটি বার্তা ভেসে ওঠে, যেখানে লেখা ছিলো, সিস্টেম রক্ষণাবেক্ষণ।
ব্যাংকটির তথ্যপ্রযুক্তি বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, তাঁদের ওয়েবসাইটে অন্তত দু'টি আক্রমণের চিহ্ন শনাক্ত হয়েছে। সেগুলো মেরামত ও নিরাপত্তা জোরদার করতে সময় লাগছে। রবিবারের মধ্যেই সাইটটি ফের সচল করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এদিকে সাইবার হামলার আশঙ্কায় গত বৃহস্পতিবার থেকে বন্ধ রাখা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সচল করা হয়েছে। রবিবার সকাল ৮টায় পোর্টালটি খুলে দেওয়া হয়। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, রবিবার কর্মদিবস হওয়ায় সার্বক্ষণিক তদারকির সুযোগ বিবেচনা করে পোর্টালটি পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দু'টি মারাত্মক নিরাপত্তা ত্রুটি শনাক্তের পর সতর্কতা জারি করে ইউরোপীয় ইউনিয়নের সাইবার নিরাপত্তা সংস্থা এনিসা ও সহযোগী প্রতিষ্ঠানগুলো। গত ২১ অক্টোবর প্রকাশিত যৌথ সতর্কবার্তায় বলা হয়, এই ত্রুটির সুযোগ নিয়ে হামলাকারীরা আক্রান্ত সার্ভারে ক্ষতিকর কোড চালাতে পারে। দ্রুত নিরাপত্তা হালনাগাদ করা সম্ভব না হলে ঝুঁকিপূর্ণ সাইটগুলো সাময়িকভাবে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন রাখার পরামর্শ দেওয়া হয়েছিলো।
//আইই//
