সাইবার হামলার সক্ষমতা কমিয়ে নতুন এআই মডেল আনছে চীনা প্রতিষ্ঠান
নিজেদের নতুন এআই মডেলের আক্রমণাত্মক সাইবার সক্ষমতা কমিয়েছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান মুনশট এআই। প্রতিষ্ঠানটির নতুন মডেল ‘কিমি কে৩.১ প্রো’ তৈরির সময় প্রশিক্ষণ উপাত্ত ও প্রশিক্ষণ প্রক্রিয়া থেকে সাইবার হামলাসংশ্লিষ্ট কিছু তথ্য বাদ দেওয়া হয়েছে। তবে সাধারণ প্রোগ্রামিংয়ের সক্ষমতা অক্ষুণ্ন রাখার চেষ্টা করেছে প্রতিষ্ঠানটি।
শনিবার (২৪ অক্টোবর) প্রকাশিত রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মুনশট এআই জানিয়েছে, উন্নত এআই মডেল ব্যবহার করে সফটওয়্যারের নিরাপত্তা দুর্বলতা শনাক্ত করা এবং সেগুলো কাজে লাগানোর সক্ষমতা বাড়ছে। এই ধরনের প্রযুক্তি সাইবার নিরাপত্তা জোরদারে কাজে লাগলেও অপরাধীদের হাতে পড়লে তা বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। এই কারণে আক্রমণাত্মক সাইবার সক্ষমতার সর্বোচ্চ সীমা আরও বাড়িয়ে দিতে পারে- এমন মডেল উন্মুক্ত করতে চায় না প্রতিষ্ঠানটি।
মুনশট এআইয়ের নিজস্ব পরীক্ষায়, নিরাপত্তা ব্যবস্থা যুক্ত কিমি কে৩.১ প্রো সফটওয়্যারের দুর্বলতা খুঁজে বের করা ও তা কাজে লাগানোর একটি নিয়ন্ত্রিত পরীক্ষায় ৮১ শতাংশ স্কোর করেছে। একই ধরনের নিরাপত্তা নিয়ন্ত্রণবিহীন সংস্করণটির স্কোর ছিলো ৯০ দশমিক ৫ শতাংশ।
প্রতিষ্ঠানটির দাবি, প্রশিক্ষণ উপাত্ত ও প্রশিক্ষণ প্রক্রিয়ায় পরিবর্তন আনার ফলে মডেলটির আক্রমণাত্মক সাইবার সক্ষমতা কমেছে। নিরাপত্তা ব্যবস্থা যুক্ত হওয়ার পরও মডেলটি আগের সংস্করণের তুলনায় উন্নত সক্ষমতা ধরে রেখেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
মুনশট এআই জানিয়েছে, আগামী ৪ নভেম্বর মডেলটি প্রকাশের পরিকল্পনা রয়েছে।
উন্নত এআই মডেল এখন কোড লেখা, সফটওয়্যারের দুর্বলতা শনাক্ত করা এবং একাধিক ধাপের জটিল কাজ সম্পন্ন করতে পারে। এসব সক্ষমতা নিরাপত্তা গবেষকদের জন্য উপকারী হলেও একই প্রযুক্তি ব্যবহার করে অপরাধীরা সাইবার হামলার প্রস্তুতির কিছু কাজ স্বয়ংক্রিয় করতে পারে।
এদিকে চীন এআই ব্যবহার করে ক্ষতিকর সফটওয়্যার তৈরি ও পরিবর্তন এবং এআইয়ের সাহায্যে নিরাপত্তা দুর্বলতা শনাক্ত করার প্রযুক্তি রপ্তানির ওপর নিয়ন্ত্রণ আরোপের প্রস্তাব করেছে। প্রস্তাবিত ব্যবস্থাগুলোর লক্ষ্য, এসব প্রযুক্তি ব্যবহার করে গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সরকারি ব্যবস্থার বিরুদ্ধে সম্ভাব্য হামলার ঝুঁকি কমানো।
//আইই//
