আর্জেন্টিনার কোচ স্কালোনির মা আর নেই
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির মা ইউলালিয়া মারজেত্তি আর নেই। দীর্ঘ দিন জটিল রোগে ভোগার পর ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। বুধবার (২৮ অক্টোবর) তাঁর প্রয়াণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে নিজ বাসভবনে স্বামী অ্যাঞ্জেলের উপস্থিতিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইউলালিয়া। মাতৃবিয়োগের সময়ে স্কালোনি বুয়েনস এইরেসে অবস্থান করছিলেন নাকি স্পেনের বাড়ি থেকে রওনা দিয়েছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি। স্বজন ও শুভানুধ্যায়ীদের নিয়ে একান্ত পরিসরে তাঁর শেষকৃত্যানুষ্ঠান আয়োজিত হওয়ার কথা রয়েছে।
পেশাগত জীবনে ইউলালিয়া পৌরসভার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। স্কালোনি ছাড়া তাঁর মাউরো ও কোরিনা নামে আরও দুই সন্তান রয়েছে। জাতীয় দলের ব্যস্ততার মাঝেও সময় পেলেই মায়ের সঙ্গে দেখা করতে যেতেন এই কোচ। পাঁচ বছর আগেই মায়ের অসুস্থতার কথা প্রকাশ্যে এনেছিলেন তিনি।
তবুও পেশাদারিত্বের সঙ্গে ডাগআউটের দায়িত্ব সামলে গেছেন স্কালোনি। ২০২১ সালে কোপা আমেরিকা ও ২০২২ সালে কাতার বিশ্বকাপ জয়ের স্মরণীয় অর্জনগুলো তিনি উৎসর্গ করেছিলেন অসুস্থ মায়ের নামে। কোপা জয়ের পর আবেগপ্রবণ কণ্ঠে স্কালোনি বলেছিলেন, আমি এই জয় আমার মাকে উৎসর্গ করতে চাই। কয়েক দিন আগে তিনি গুরুতর সমস্যায় পড়েছিলেন এবং লড়াই করছেন।
স্কালোনির মাতৃবিয়োগে গভীর শোক প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সামাজিক যোগাযোগমাধ্যমে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সংস্থাটির সভাপতি ক্লদিও তাপিয়া। কঠিন এই মুহূর্তে কোচের পাশে থাকার বার্তা দিয়েছে দেশের শীর্ষ ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি।
//আইই//
