২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হবে এক লাখি দর্শকের মাঠে
দু’বছর পর অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই প্রতিযোগিতার ফাইনাল এবং সেমিফাইনাল কোথায় হবে তা মোটামুটি চূড়ান্ত হয়ে গেল। উল্লেখ্য, ছ’বছর আগে অস্ট্রেলিয়া একাই এই প্রতিযোগিতা আয়োজন করেছিল।
অস্ট্রেলিয়ার এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিশ্বকাপের ফাইনাল আয়োজন করা হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। সেই মাঠে এক লক্ষ দর্শক ধরে। ফলে ফাইনাল দেখার সুযোগ পাবেন অনেকেই। একটি সেমিফাইনাল হতে পারে পার্থের পার্থের স্টেডিয়ামে।
২০২২-এর বিশ্বকাপ ফাইনালও হয়েছিল মেলবোর্নে। সে বার দু’টি সেমিফাইনাল হয়েছিল সিডনি এবং অ্যাডিলেডে। পরের বার যেহেতু নিউজিল্যান্ডও সহ-আয়োজক, তাই একটি সেমিফাইনাল হতে পারে সে দেশে। তবে কোন মাঠে হবে তা জানা যায়নি।
মেলবোর্নে বিশ্বকাপ ফাইনাল আয়োজন করার ইতিহাস দীর্ঘ দিনের। ১৯৯২ এবং ২০১৫-এ এক দিনের বিশ্বকাপ হয়েছিল সেই মাঠে। ২০২২-এর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের পাশাপাশি ২০২০-তে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালও হয়েছিল সেই মাঠে।
কিছু দিন আগেই আইসিসি জানিয়েছে, ২০২৮-এর বিশ্বকাপ ১২ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ১২ নভেম্বর পর্যন্ত। তবে কোন কোন শহরে খেলা হবে তা চূড়ান্ত হয়নি। শোনা যাচ্ছে, অস্ট্রেলিয়ার মেলবোর্ন, সিডনি, অ্যাডিলেড, পার্থ এবং ব্রিসবেনের পাশাপাশি নিউজিল্যান্ডের অকল্যান্ড, ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটনে ম্যাচ হবে।
/কেআর/
