নামাজে শাহাদাত আঙুল ইশারা করবেন যেভাবে
নামাজের বৈঠকে তাশাহুদ বা আত্তাহিয়্যাতু পড়ার সময় শাহাদাত আঙুল দিয়ে ইশারা করা সুন্নাহ। তবে কখন আঙুল তুলতে হবে, কখন নামাতে হবে এবং কীভাবে ইশারা করতে হবে, তা নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে।
সহিহ মুসলিমে বর্ণিত হাদিস অনুযায়ী, রাসুলুল্লাহ (সা.) নামাজের বৈঠকে ডান হাত ডান হাঁটু বা উরুর ওপর এবং বাঁ হাত বাঁ হাঁটু বা উরুর ওপর রাখতেন। এই সময় তিনি শাহাদাত আঙুল দিয়ে ইশারা করতেন। অন্য বর্ণনায় এসেছে, তিনি বৃদ্ধাঙ্গুলি ও মধ্যমা যুক্ত করে আঙুলের সাহায্যে ইশারা করতেন। (সহিহ মুসলিম: ৫৮০, ১৩৩৬, ১৩৩৮)
এই বিষয়ে জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমিনবাজার, ঢাকার প্রধান মুফতি মাওলানা লুৎফুর রহমান ফরায়েজি কালবেলাকে বলেন, নামাজে তাশাহুদ পড়ার সময় ‘আশহাদু আল্লা ইলাহা’ পর্যন্ত পৌঁছালে বৃদ্ধাঙ্গুলি ও মধ্যমা দিয়ে গোলাকার আকৃতি তৈরি করে শাহাদাত আঙুল দিয়ে ইশারা করতে হবে। এই সময় কনিষ্ঠা ও অনামিকা হাতের তালুর সঙ্গে যুক্ত থাকবে।
তিনি আরও বলেন, ‘ইল্লাল্লাহ’ বলার পর শাহাদাত আঙুল নিচু করতে হবে। তবে অন্য আঙুলগুলো নামাজের শেষ পর্যন্ত একই অবস্থায় থাকবে।
তাশাহুদের আরবি, উচ্চারণ ও অর্থ
আরবি:
التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ
উচ্চারণ:
আত্তাহিয়্যাতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-ত্বাইয়্যিবাতু। আসসালামু আলাইকা আইয়্যুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহীন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু।
অর্থ:
সব মৌখিক ইবাদত, নামাজ ও পবিত্র বিষয় আল্লাহর জন্য। হে নবী, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর রহমত ও বরকত নাজিল হোক। শান্তি বর্ষিত হোক আমাদের ওপর এবং আল্লাহর নেক বান্দাদের ওপর। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। আরও সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মদ (সা.) আল্লাহর বান্দা ও রাসুল।
/শান্ত/
