ক্রসফায়ার নিয়ে আইজিপি'র বক্তব্য সরকারকে বিব্রত করেছে: রিজভী
ক্রসফায়ার ফিরিয়ে আনা নিয়ে পুলিশপ্রধানের সাম্প্রতিক বক্তব্য সরকারকে বিব্রত করার মতো অবস্থা তৈরি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন।
অনুষ্ঠানে পুলিশপ্রধানের বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে রিজভী বলেন, "তিনি সরকারের একটা অংশ। তিনি ক্রসফায়ারের কথা বলেন কিভাবে? যদি স্লিপ অব টাং করে বলেন, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু এটাতো সরকারকে বিব্রত করার মতো অবস্থা।"
মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যাশার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি জানান, ১৭ বছরের গুম-খুন ও দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রাম করে আন্দোলনের মাধ্যমে নতুন পরিবেশ অর্জিত হলো। সেখানে একটি বাহিনীর প্রধানের মুখে এমন কথা সবাইকে ভাবিয়ে তুলছে।
দেশে প্রচলিত আইন দিয়েই অপরাধ ও সন্ত্রাস দমন করা সম্ভব উল্লেখ করে বিএনপি নেতা বলেন, অপরাধ নিয়ন্ত্রণে কোনো আইনবহির্ভূত পথ অনুসরণের প্রয়োজন নেই। বেআইনি পদ্ধতি দিয়ে কখনোই আইনের শাসন প্রতিষ্ঠা করা যায় না বলে সতর্ক করেন তিনি।
এর আগে সোমবার পুরান ঢাকার চকবাজারে একটি অনুষ্ঠানে আইজিপি আলী হোসেন ফকির কথাপ্রসঙ্গে বলেছিলেন, "যেখানে ক্রসফায়ার যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাও করে, আমরা সেটাই করবো।" পুলিশপ্রধানের এই মন্তব্য ঘিরে বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। সমালোচনার মুখে পুলিশের পক্ষ থেকে এর একটি ব্যাখ্যাও দেওয়া হয়েছে।
//আইই//
