মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড
মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এই রায় দেওয়া হয়।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার ঘটনায় করা মামলায় তাঁর বিরুদ্ধে এই রায় দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ মামলাটির বিচার কার্যক্রম চলে।
এই মামলায় হানিফ ছাড়াও কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আসগর আলী এবং কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা আসামি। রায় ঘোষণার আগে ৪ আসামিই পলাতক ছিলেন। তাঁদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আদালতে লড়েন।
মামলায় আসামিদের বিরুদ্ধে তিনটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়। এর মধ্যে রয়েছে জুলাই গণ-অভ্যুত্থানের সময় আন্দোলন দমনে উস্কানি ও সহায়তা, হত্যার ষড়যন্ত্র এবং কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় সংশ্লিষ্টতা।
রাষ্ট্রপক্ষের অভিযোগ, আন্দোলন দমনে রাজনৈতিক সিদ্ধান্ত ও নির্দেশনা বাস্তবায়নে হানিফ ভূমিকা রেখেছিলেন। এ ছাড়া স্থানীয় পুলিশ কর্মকর্তা, জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদের টেলিফোনে নির্দেশ দেওয়ার অভিযোগও তাঁর বিরুদ্ধে আনা হয়।
মামলায় তদন্ত কর্মকর্তাসহ মোট ১৯ জন সাক্ষ্য দেন। ২০২৫ সালের ২ নভেম্বর চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। চলতি বছরের ৭ অক্টোবর উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়।
//আইই//
