আইনজীবী তালিকাভুক্তিতে সর্বোচ্চ বয়স ৩৫ বছর
আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করেছে বাংলাদেশ বার কাউন্সিল। বর্তমানে আইন বিষয়ে পড়াশোনা করছেন, এমন শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নতুন এই নিয়ম ২০৩০ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বার কাউন্সিলের প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদারের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৯ আগস্ট অনুষ্ঠিত কাউন্সিলের সভায় আইনজীবী হিসেবে তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০৩০ সালের ১ জানুয়ারি থেকে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির আবেদন গ্রহণ, প্রার্থীদের যোগ্যতা যাচাই এবং তালিকাভুক্তির পরবর্তী কার্যক্রমে নির্ধারিত বয়সসীমা অনুসরণ করা হবে।
বর্তমানে আইন বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনায় নিয়ে সিদ্ধান্তটি কার্যকরের জন্য সময় দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এতো দিন আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে নির্দিষ্ট সর্বোচ্চ বয়সসীমা ছিলো না। তবে আইন পেশায় প্রবেশের জন্য ন্যূনতম বয়স ২১ বছরসহ অন্যান্য নির্ধারিত যোগ্যতা পূরণ করতে হয়।
//আইই//
