ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিন স্থগিত
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট আগামী সাত দিনের জন্য স্থগিত করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে জরুরি বৈঠকের পর বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ধর্মঘট স্থগিতের এই সিদ্ধান্তের কথা জানান বাংলাদেশ বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমবায় সমিতির সেন্ট্রাল কমিটির সাধারণ সম্পাদক বাদল মাতবর।
এর আগে ঢামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেনের সঙ্গে আলোচনায় বসেন মালিক সমিতির নেতারা। পরে নিজেদের মধ্যে বৈঠক করে ধর্মঘট স্থগিতের এ সিদ্ধান্ত নেন তারা।
সিদ্ধান্তের বিষয়ে সমিতির সাধারণ সম্পাদক বাদল মাতবর বলেন, "দূর-দূরান্ত থেকে আসা রোগী ও তাদের স্বজনদের চরম ভোগান্তির কথা চিন্তা করে আমরা মানবিক কারণে এই সিদ্ধান্ত নিয়েছি।"
এদিকে ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন জানান, আগামী সাত দিন হাসপাতালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, "হাসপাতাল হচ্ছে রোগীদের মূল সেবাকেন্দ্র। এখানে চিকিৎসাসেবায় কোনো ধরনের ব্যাঘাত ঘটুক, তা কর্তৃপক্ষ কোনোভাবেই চায় না।"
ঢামেক হাসপাতাল প্রাঙ্গণে অ্যাম্বুলেন্সের স্থায়ী পার্কিংয়ের দাবিতে গত মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল থেকে আকস্মিক এ ধর্মঘটের ডাক দিয়েছিল মালিক সমিতি। ধর্মঘট স্থগিত করায় ইতোমধ্যে ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স চলাচল ও জরুরি রোগী পরিবহন ব্যবস্থা স্বাভাবিক হয়েছে।
//আইই//
