এইচএসসি'র ফল প্রকাশের তারিখ পিছিয়েছে
সংগৃহীত ছবি
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের নির্ধারিত দিনটিতে পরিবর্তন আনা হয়েছে। পূর্বের ঘোষণা অনুযায়ী ২৯ অক্টোবর ফল প্রকাশের কথা ছিলো, তবে তা পিছিয়ে ৩১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র এই তথ্য জানিয়েছে।
আগামী ৩১ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে ফল ঘোষণার কর্মসূচি রয়েছে। ওই দিন রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল তুলে ধরবেন শিক্ষামন্ত্রী।
এর আগে গত ২৪ অক্টোবর শিক্ষা বোর্ডের সমন্বয় কমিটির দেওয়া এক বিজ্ঞপ্তিতে ২৯ অক্টোবর ফল বের হওয়ার তথ্য দেওয়া ছিলো। তবে সোমবার (২৬ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের আগে প্রয়োজনীয় অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় আগের নির্ধারিত দিনে ফল দেওয়া সম্ভব হচ্ছে না।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, ৩১ অক্টোবরে এইচএসসির ফল প্রকাশিত হবে বলে জেনেছি। কিন্তু এখনো আমি কোনো সুনির্দিষ্ট তথ্য পাইনি। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে ফলাফল প্রকাশের ব্যাপারে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে।
উল্লেখ্য, চলতি বছরের ২ জুলাই দেশজুড়ে এইচএসসি ও সমমানের মূল্যায়ন শুরু হয়ে লিখিত পরীক্ষা শেষ ছিলো ৮ আগস্ট। তবে বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের কয়েকটি পরীক্ষা পিছিয়ে পরে ৯ সেপ্টেম্বর শেষ করা হলো। এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের আওতায় মোট ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এতে অংশগ্রহণ করেন।
//আইই//
