সাড়ে ৩৪ হাজার শিক্ষক দ্রুত নিয়োগের উদ্যোগ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের খালি পদে নিয়োগ ত্বরান্বিত করতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সঙ্গে ইতিবাচক আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। পুরান ঢাকার দু'টি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনকালে তিনি জানান, সাড়ে ৩৪ হাজার শূন্য পদে দ্রুত শিক্ষক দেওয়া সম্ভব হলে বিদ্যালয়গুলোর প্রশাসনিক তদারকি ও প্রাতিষ্ঠানিক নেতৃত্ব আরও শক্তিশালী হবে।
সোমবার (২৬ অক্টোবর) পুরান ঢাকার কোতোয়ালি এলাকার মাহুতুলি রেনেসাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও প্রসন্ন পোদ্দার লেন সরকারি প্রাথমিক বিদ্যালয় সরেজমিন ঘুরে দেখেন প্রতিমন্ত্রী। এই সময় শিশুদের পড়ালেখার পরিবেশ দেখার পাশাপাশি তিনি শিখনসামগ্রী বিতরণ করেন। খেলনার মাধ্যমে পড়া ও গণিত শেখার অভিজ্ঞতা তদারকিও করেন তিনি।
পরিদর্শনকালে ববি হাজ্জাজ জানান, কাজের অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষকদের পদোন্নতির বিষয়টিও বিবেচনা করছে সরকার। প্রচলিত আইন ও পিএসসির সুপারিশের আলোকে এই উদ্যোগ নেওয়া হবে। প্রধান শিক্ষক নিয়োগ কার্যক্রম শেষ করা গেলে সহকারী শিক্ষক পদের জন্য নতুন চাহিদা তৈরি হবে বলেও উল্লেখ করেন তিনি।
শিক্ষার মান বিষয়ে ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শুধু বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন বা শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করাই যথেষ্ট নয়। প্রতিটি শিশু শ্রেণিকক্ষে কী শিখছে, নির্ধারিত শিখনফল অর্জন করতে পারছে কি না এবং শিক্ষকরা কতোটা কার্যকরভাবে পাঠদান করছেন, তা নিয়মিত যাচাই করতে হবে।
এই সময় মন্ত্রণালয় ও অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
//আইই//
