২ হত্যা মামলায় ডেভিড ইমন ৭ দিনের রিমান্ডে
চট্টগ্রামের আলোচিত দু’টি হত্যা মামলায় ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে পরিচিত মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে নগরের বাকলিয়া থানার জোড়া খুনের মামলায় ৫ দিন এবং বায়েজিদ বোস্তামী থানার সরোয়ার বাবলা হত্যা মামলায় ২ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ ও মো. আলমগীর হোসেনের আদালত পৃথক শুনানি শেষে এই আদেশ দেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, রিমান্ড শুনানির জন্য আজ দুপুরে ডেভিড ইমনকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বাকলিয়া থানার জোড়া খুনের মামলায় ৫ দিন ও বায়েজিদ বোস্তামী থানার মামলায় ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
বাকলিয়ার জোড়া খুনের ঘটনাটি ঘটে গত বছরের ৩০ মার্চ রাতে। ওই দিন নগরের বাকলিয়া এক্সেস রোড এলাকায় একটি ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। গুলিতে বখতিয়ার হোসেন মানিক ও আবদুল্লাহ আল রিফাত নিহত হন এবং আরও দু’জন আহত হন। এই ঘটনায় দায়ের করা মামলায় ডেভিড ইমনকে আসামি করা হয়। মামলাটিতে হত্যাকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়নে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
অন্যদিকে, নগরের বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী খোন্দকিয়া পাড়া এলাকায় বিএনপির নির্বাচনি প্রচারণায় গুলিতে খুন হন সরোয়ার হোসেন বাবলা। এই ঘটনায় তাঁর বাবা আবদুল কাদের বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলায় বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদসহ যে ৭ জনের নাম উল্লেখ করা হয়, তাঁদের মধ্যে ডেভিড ইমনও রয়েছেন। এছাড়া অজ্ঞাতনামা আরও ১৫-১৬ জনকে আসামি করা হয়।
গত ২৯ জুলাই যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনকে ৩ সহযোগীসহ গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের দাবি, তাঁরা ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। পরে তাঁকে চট্টগ্রামে এনে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
/এমএএইচ/
