আসাদগেটে ছিনতাইয়ের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩
রাজধানীর আসাদগেট এলাকায় অভিযান চালিয়ে ধারালো চাকুসহ ৩ ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা-পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে আসাদগেট এলাকায় নিয়মিত টহল ডিউটি পরিচালনার সময় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মো. আরাফাত (২০), সিলেটের বিশ্বনাথের ফাইমুল হাসান (২২) এবং ভোলার আবির ব্যাপারী শান্ত (২৩)।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে পুলিশের একটি দল আসাদগেট এলাকায় হোন্ডা মোবাইল ডিউটি পরিচালনা করছিলো। এই সময় অপরাধ সংঘটনের জন্য ওত পেতে থাকা ওই ৩ যুবককে দু’টি ধারালো চাকুসহ গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ৩ যুবক আসাদগেট ও আশপাশের এলাকায় পথচারীদের ভয়ভীতি দেখিয়ে ছিনতাইয়ের প্রস্তুতির কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পূর্বের কোনো অপরাধের তথ্য বা রেকর্ড (পিসিপিআর) আছে কি না, তা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় অপরাধ দমনে এই ধরনের পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
/এমএএইচ/
