চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা তামাক জব্দ
সংগৃহীত ছবি
চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে বন্ড সুবিধায় আনা ১৫০ টন কাঁচা তামাকের একটি চালান আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। গ্লোবাল লিফ টোব্যাকো কোম্পানি লিমিটেডের আনা ১০ কন্টেইনারের এই চালানে নির্ধারিত মূল্যের চেয়ে কম দাম ঘোষণা করার প্রাথমিক অসংগতি পাওয়া গেছে।
কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দরে আমদানিকৃত এই চালানে তামাকের প্রতি কেজির ঘোষিত দাম ধরা হয়েছিলো মাত্র ১ ডলার ৪৫ সেন্ট। অথচ একই এইচএস কোডের পণ্যে আগে প্রতি কেজি ৫ ডলার ১০ সেন্ট হিসেবে শুল্কায়ন করা হয়েছিলো। আগের মূল্যায়নের হিসাব বিবেচনায় নিলে এই চালান থেকে সরকারের সম্ভাব্য রাজস্ব ফাঁকির পরিমাণ দাঁড়ায় প্রায় ২১ কোটি ১২ লাখ টাকা।
গোয়েন্দা কর্মকর্তাদের প্রাথমিক হিসাব অনুযায়ী, জব্দ করা এই তামাক দিয়ে প্রায় ২১ কোটি ৪৩ লাখ শলাকা প্রিমিয়াম মানের সিগারেট তৈরি করা সম্ভব ছিলো। স্থানীয় বাজারে উৎপাদিত এসব সিগারেটের আনুমানিক খুচরা বাজারমূল্য হতে পারতো প্রায় ৪৯৩ কোটি ৮৬ লাখ টাকা।
সংশ্লিষ্টদের মতে, বন্ড সুবিধায় পণ্য আনার পর তার প্রকৃত ব্যবহার, উৎপাদনের হিসাব ও বিক্রি কার্যক্রম যথাযথভাবে তদারকি না করলে বড় অঙ্কের কর ফাঁকির ঝুঁকি থাকে। এই ক্ষেত্রেও আমদানির শুরুতেই পণ্যের মূল্য কম দেখিয়ে পরবর্তীতে বাজারে প্রক্রিয়াজাত ও বিক্রির সময় অনিয়মের ক্ষেত্র তৈরি করা হয়েছিলো কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
//আইই//
