ছাত্রদল নেতা নয়নের পদ স্থগিত
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর পশ্চিম শাখার অধীন আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক মো. নয়ন হোসেনের সাংগঠনিক পদ স্থগিত করেছে ছাত্রদল। শনিবার (২৪ অক্টোবর) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নয়ন হোসেনের সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহসীর আলম।
সম্প্রতি রাজধানীর আদাবর এলাকায় সিটি করপোরেশনের পয়োনিষ্কাশন ও নালা উন্নয়নকাজে বাধা দেওয়া এবং ভবনমালিকদের কাছে চাঁদা দাবির অভিযোগ ওঠে নয়ন হোসেনের বিরুদ্ধে। এই ঘটনায় গত বৃহস্পতিবার চাঁদাবাজির মামলায় তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
/এমএএইচ/
