শিগগিরই ২ পুলিশ সদস্যকে ফেরত পাবো: বিজিবি পরিচালক
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্ত থেকে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক কনস্টেবলকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ওই দুই পুলিশ সদস্য হলেন, এএসআই ইমরান ও কনস্টেবল রোহিত। তাদের দ্রুত ফেরত আনার বিষয়ে বিএসএফের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান।
বিজিবির এই কর্মকর্তা বলেন, আমাদের সঙ্গে বিএসএফের আনুষ্ঠানিক যোগাযোগ হয়েছে। আমরা খুব শিগগিরই দুইজন পুলিশ সদস্যকে ফেরত পাবো। তারা অক্ষত আছেন, তাদের কোনো ধরনের সমস্যা হয়নি। দায়িত্ব পালন করতে গেলে এই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। ঘটনাটি অনাকাঙ্ক্ষিত হলেও অস্বাভাবিক নয়।
/সোহেল/
