ঢাকায় ৫ নভেম্বর এআই বিজনেস সামিট, অংশ নিচ্ছে ৮৭ প্রতিষ্ঠান
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবসায়িক ব্যবহার, দেশীয় প্রযুক্তি উদ্ভাবন ও বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরতে আগামী ৫ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’। দিনব্যাপী এই আয়োজনে ৮৭ প্রতিষ্ঠান অংশ নেবে।
রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই সম্মেলনের আয়োজন করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। সম্মেলনে ব্যবসা-বাণিজ্যে এআইয়ের ব্যবহার, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন এবং নতুন ব্যবসার সুযোগ নিয়ে আলোচনা হবে।
আয়োজকদের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, সম্মেলনে তিনটি আলোচনা অধিবেশন ও প্রযুক্তি প্রদর্শনীর ব্যবস্থা থাকবে। প্রদর্শনীতে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের এআইভিত্তিক পণ্য, সেবা ও প্রযুক্তিগত সমাধান তুলে ধরবে। এতে ব্যবসায়ী, প্রযুক্তিবিশেষজ্ঞ, উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে।
আলোচনায় উৎপাদনশীলতা বাড়াতে এআই'র ব্যবহার, দেশীয় উদ্ভাবনের বাণিজ্যিকীকরণ, দক্ষ জনবল তৈরি এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পাবে।
আয়োজকদের প্রত্যাশা, এই সম্মেলন দেশের ব্যবসাপ্রতিষ্ঠান ও প্রযুক্তি উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি এআইভিত্তিক পণ্য ও সেবার বাজার সম্প্রসারণে ভূমিকা রাখবে।
//আইই//
