ঢাকায় শুরু হচ্ছে তিন দিনের পর্যটন মেলা, অংশ নেবে ২০টির বেশি দেশ
সংগৃহীত ছবি
কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, টেকসই পর্যটন এবং আন্তর্জাতিক ব্যবসায়িক যোগাযোগ বাড়ানোর লক্ষ্য নিয়ে ঢাকায় শুরু হচ্ছে বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬। আগামী ২৯ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ মেলা অনুষ্ঠিত হবে।
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত এ মেলার এবারের প্রতিপাদ্য ‘এআই পাওয়ার ট্যুরিজম, সাসটেইনেবল ডেসটিনেশন’। আয়োজকদের ভাষ্য, পর্যটন খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার উৎসাহিত করা এবং পরিবেশবান্ধব পর্যটনের প্রসার ঘটানোই এবারের আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর ক্রাউন প্লাজায় আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার বিভিন্ন দিক তুলে ধরেন আয়োজকেরা। এতে সভাপতিত্ব করেন টোয়াবের সভাপতি মোহাম্মদ হানিফ।
টোয়াব জানিয়েছে, এবারের আয়োজনটি মেলার ১৪তম আসর। এতে নেপাল, ভারত, সিঙ্গাপুর, মালদ্বীপ, ফিলিপাইন, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান, থাইল্যান্ড, ব্রুনাই, সৌদি আরব, মালয়েশিয়া ও আজারবাইজানসহ ২০টির বেশি দেশের পর্যটন খাতের প্রতিনিধি ও প্রতিষ্ঠান অংশ নেওয়ার কথা রয়েছে। মেলার টাইটেল স্পন্সর হিসেবে থাকছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
আয়োজকদের প্রত্যাশা, মেলায় ২০০টির বেশি বুথ ও স্টল এবং ২২০ জনের বেশি প্রদর্শক অংশ নেবেন। এ ছাড়া ২৫০ জনের বেশি সম্ভাব্য ব্যবসায়িক ক্রেতা, ২ হাজার ৫০০ জনের বেশি বাণিজ্যিক দর্শনার্থী এবং ৬০ হাজারের বেশি সাধারণ দর্শনার্থীর সমাগম হতে পারে। চারটি থিমভিত্তিক প্রদর্শনী হলে এয়ারলাইন্স, হোটেল ও ট্যুর অপারেটরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম তুলে ধরা হবে।
সংবাদ সম্মেলনে মোহাম্মদ হানিফ বলেন, বিটিটিএফ দেশীয় পর্যটনকে আন্তর্জাতিক পরিসরে পরিচিত করার পাশাপাশি বিদেশি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার সুযোগ তৈরি করছে। এই আয়োজনের মাধ্যমে পর্যটন খাতে নতুন বাণিজ্যিক সম্ভাবনা সৃষ্টি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
//আইই//
