কিশোরগঞ্জ-মহাখালী রুটে বাস চলাচল শুরু
কিশোরগঞ্জ-ঢাকা (মহাখালী) রুটে বাস চলাচল শুরু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকাল থেকে অনন্যা, অনন্যা ক্লাসিক, উজানভাটি ও জলসিঁড়ি পরিবহণের বাস চলাচল শুরু হয়।
কিশোরগঞ্জের মালিকদের নতুন ও ভালো মানের বাসের বিপরীতে মহাখালীর মালিকেরা একই রুটে পুরোনো ও নিম্নমানের বাস চালাতে চান। এই নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে অনন্যা, অনন্যা ক্লাসিক, উজানভাটি ও জলসিঁড়ি পরিবহনের বাস চলাচল বন্ধ রাখা হয়েছিলো। সমঝোতার পর ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
এর আগে রবিবার সকালে গাইটাল বাস টার্মিনালে গিয়ে ৪ পরিবহনের বাস চলাচল বন্ধ দেখতে পান যাত্রীরা। এই সময় ‘অনন্যা সুপার’ নামে একটি পরিবহণের বাস গাজীপুর চৌরাস্তা পর্যন্ত যাত্রী পরিবহণ করে। যাত্রীদের অভিযোগ, মহাখালী পর্যন্ত ৩৮০ টাকা ভাড়ার বিপরীতে গাজীপুর পর্যন্ত ৪০০ টাকা নেওয়া হচ্ছিলো। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকে। কেউ কেউ বাসের পরিবর্তে ট্রেনে ঢাকায় যাওয়ার সিদ্ধান্ত নেন।
কিশোরগঞ্জ জেলা পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর রেজা মুরাদ বলেন, বাস চলাচল বন্ধের পেছনে থাকা সমস্যা নিয়ে মঙ্গলবার কেন্দ্রীয় কমিটির সভা হবে। ঢাকার পক্ষ থেকে অতিরিক্ত যে বাসগুলো দেওয়া হয়েছিলো, সেগুলো বন্ধ করা হয়েছে। এখন আগের বাসগুলোই চলবে। এই কারণে সোমবার সকাল থেকে কিশোরগঞ্জ-মহাখালী রুটে বাস চলাচল শুরু হয়েছে।
/এমএএইচ/
